নদীয়ায় জাল আধার চক্রের পর্দাফাঁস: পুলিশের জালে দুই মাস্টারমাইন্ড, উদ্ধার ল্যাপটপ ও সরঞ্জাম
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: সীমান্ত লাগোয়া এলাকায় জাল নথিপত্র তৈরির কারবার রুখতে বড়সড় সাফল্য পেল নদীয়ার গাংনাপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আধার কার্ড জালিয়াতি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির ল্যাপটপ, মোবাইল এবং একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম।
গাংনাপুর থানা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল যে হাবিবপুর এলাকায় কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশ থেকে আসা মানুষদের অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে। এই খবরের সত্যতা যাচাই করতে পুলিশ সাদা পোশাকে নজরদারি শুরু করে। মঙ্গলবার হাবিবপুর পি.এম এলাকা থেকে পুলিশ ওয়াসিম আকরাম মন্ডল বয়স ২৭এবং হুগলির হরিপালের বাসিন্দা পল্লব দুলে বয়স ৩১ দুজনকে হাতে-নাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি মূলত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের টার্গেট করত। তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জাল আধার কার্ড ও অন্যান্য নথিপত্র তৈরি করে দেওয়া হতো। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ ও ফোন পরীক্ষা করে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়ার আশা করছে পুলিশ।
ধৃত দুজনকে আজ রানাঘাট জেলা আদালতে পেশ করা হয়। এই চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত এবং এর পেছনে বড় কোনো মাথা কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের ৭ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
Video Link ----

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন